

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশ প্রশাসন। এর অংশ হিসেবে জেলা পুলিশ লাইন্স মাঠে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এই ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তিনি বলেন, আসন্ন নির্বাচনে জেলার ১১টি সংসদীয় আসনে প্রায় ৫০ লাখ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।
পুলিশ সুপার জানান, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর ২৭ হাজার সদস্য। ভোটগ্রহণ প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ রাখতে প্রতিটি ইউনিটকে পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, টহল কার্যক্রম জোরদার এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পিপিএম-সেবা পদকপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ প্রশাসনের একাধিক সূত্র জানায়, নির্বাচন ঘিরে নিয়মিত ব্রিফিং, টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রেখে জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ।
মন্তব্য করুন