

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের ফটিকছড়িতে বিয়ের মাত্র ৬ মাসের মাথায় সামিহা হাকিম নিহা (১৯) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, যৌতুক ও পরকীয়া সংক্রান্ত বিরোধের জের ধরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে। ঘটনার পর থেকে স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে ফটিকছড়ি পৌরসভার দক্ষিণ রাঙ্গামাটিয়া ও সুন্দরপুর ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিহা ফটিকছড়ি পৌরসভার দক্ষিণ রাঙ্গামাটিয়া গ্রামের প্রবাসী লোকমান হাকিমের মেয়ে।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস আগে ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকার মো. মারুফ পারভেজের সঙ্গে সামিহা হাকিম নিহার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে নানা বিষয় নিয়ে বনিবনা হচ্ছিল না। স্বামী ও স্ত্রী পরস্পরের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে প্রায়শই বিবাদে লিপ্ত হতেন।
নিহতের মা রূপা আক্তার জানান, বিয়ের পর থেকেই তাঁর মেয়েকে স্বামী মারুফ পারভেজ শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। একাধিকবার বিষয়টি নিয়ে পারিবারিক সালিশ ও সতর্ক করা হলেও নির্যাতন থামেনি। মঙ্গলবার রাত ১১টার দিকে মারুফ ফোন করে জানান নিহা অসুস্থ হয়ে পড়েছেন এবং তাঁকে হাসপাতালে নেওয়া হচ্ছে। পরে নিহাকে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অভিযোগ রয়েছে, মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পরপরই স্বামী মারুফ ও তাঁর স্বজনেরা মরদেহ হাসপাতালে রেখেই চম্পট দেয়। পরে পুলিশ গিয়ে হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, গৃহবধূর মৃত্যুর ঘটনায় তাঁর মা রূপা আক্তার বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় স্বামী মারুফ পারভেজসহ ২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৩–৪ জনকে আসামি করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



