শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অটোরিকশার গ্যারেজে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা, গ্রেপ্তার ২

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পিএম
ছবি: সংগৃহীত
expand

চট্টগ্রামের হাটহাজারীতে দেশে তৈরি হওয়া ৫টি আগ্নেয়াস্ত্র, ২০টি গুলি এবং অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন জামাল হোসেন ও কবির আহমদ। দুজনেরই বাড়ি হাটহাজারী উপজেলায়। জামাল পেশায় রাজমিস্ত্রি এবং কবির অটোরিকশাচালক হিসেবে এলাকায় পরিচিত। তবে দুজন আড়ালে অস্ত্র বিক্রি করে আসছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া অস্ত্র-গুলি হাটহাজারীর সরকারহাটের একটি অটোরিকশার গ্যারেজে তৈরি হতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন জামাল ও কবির। গ্যারেজের আড়ালে ওসমান নামে গ্যারেজের এক কর্মী এসব অস্ত্র তৈরি করেন। এরপর বিক্রির জন্য অস্ত্রগুলো জামাল ও কবিরকে দেন ওসমান।

গ্যারেজের মালিক দেশের বাইরে থাকায় ওসমানই দীর্ঘদিন ধরে গ্যারেজটি পরিচালনা করে আসছেন এবং আড়ালে অস্ত্র তৈরি করে আসছেন বলে জানিয়েছে পুলিশ। ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘অস্ত্রের ক্রেতা সেজে জামাল ও কবিরের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরা ২০ থেকে ৫০ হাজার টাকায় অস্ত্র বিক্রির কথা জানান। পরে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।’

পুলিশ কর্মকর্তা কাজী মো. তারেক আজিজ আরও বলেন, ‘জামাল রাজমিস্ত্রি এবং কবির অটোরিকশার চালক পরিচয় ব্যবহার করে অস্ত্র বিক্রি করতেন, যাতে তাঁদের কেউ সন্দেহ না করে। অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে থানায় মামলা হয়েছে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank