মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পিএম
মৃত মো. এনামুল হক স্বপন
expand

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকা মো. এনামুল হক স্বপন (৪০) মারা গেছেন। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

সোমবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার কৈয়ারপুল এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন স্বপন।

নিহত স্বপন হাজীগঞ্জ সদর ইউনিয়নের মৈশাইদ গ্রামের দক্ষিণপাড়া মজুমদার বাড়ির মরহুম শহিদুল্লাহ ক্বারীর বড় ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্বজন হাফেজ মাওলানা নাজির আহমাদ।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সিএনজি দুটির চালক সেগুলো নিয়ে দ্রুত পালিয়ে যান বলে জানা গেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত স্বপনকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালে প্রথমে অজ্ঞাত ব্যক্তি হিসেবে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্বজনরা হাসপাতালে গিয়ে তাঁকে শনাক্ত করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে স্বপনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। তবে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পর পথেই তাঁর মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন হাজীগঞ্জ থানার ওসি মো. আবদুল মান্নান। তিনি জানান, পুলিশের কর্মকর্তা স্থানীয়দের সহযোগিতায় আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান। তবে ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত সিএনজি দুটির কোনোটিই পাওয়া যায়নি।

ওসি আরও জানান, আহত ব্যক্তিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। তাঁর মৃত্যুর বিষয়টি পুলিশ এখনো নিশ্চিতভাবে জানেনি। বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank