শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা, স্বামী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৩:৫২ পিএম
ছবি: সংগৃহীত
expand

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর দীর্ঘদিনের শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে রিয়া মনি (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত রিয়া মনি উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের বাসিন্দা মোবারক মিয়ার মেয়ে। তিনি একই এলাকার জাহিদুল ইসলামের স্ত্রী। মঙ্গলবার সকালে রামধননগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি প্রায়ই মাদক সেবন করে স্ত্রী রিয়া মনিকে মারধর করতেন। পারিবারিক কলহ ও নির্যাতনের একপর্যায়ে রিয়া মনি নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

উত্তর ইউনিয়নের ইউপি সদস্য কাজী ইউসুফ জানান, সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ দেখতে পান। তিনি বলেন, জাহিদুল ইসলাম মাদকাসক্ত। প্রায়ই মাদক সেবন করে স্ত্রীকে মারধর করতেন। দীর্ঘদিনের সেই নির্যাতনের কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বামী মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। সেই নির্যাতনের জের ধরেই রিয়া মনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank