শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শজিমেকে রোগীর মৃত্যু নিয়ে সংঘর্ষ, ইন্টার্ন চিকিৎসকসহ আহত ১২

বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ এএম
ছবি: সংগৃহীত
expand

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে এক রোগীর মৃত্যু ঘিরে স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার রাতে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার পর নিজেদের নিরাপত্তাসহ কয়েকটি দাবিতে রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা।

ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে—এমন অভিযোগ তুলে রোগীর স্বজন ও বহিরাগতরা তাদের ওপর হামলা চালান। এতে ছয়জন ইন্টার্ন চিকিৎসক আহত হন। তাদের মধ্যে তিনজনের হাতের হাড় ভেঙেছে বলেও দাবি করেন তারা।

তবে রোগীর স্বজনদের অভিযোগ, একজন ইন্টার্ন চিকিৎসকের দেওয়া ভুল ইনজেকশনের কারণে রোগীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলতে গেলে প্রথমে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়।

স্বজনদের আরও অভিযোগ, সংঘর্ষের পর ইন্টার্ন চিকিৎসকেরা তাদের সঙ্গে থাকা ছয়জনকে মারধর করে হাসপাতালের ভেতরে কয়েক ঘণ্টা আটকে রাখেন।

খবর পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বগুড়া সদর থানা-পুলিশ হাসপাতালে যায়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, হাসপাতালে পৌঁছানোর পর ইন্টার্ন চিকিৎসকেরা অভিযোগ করেন, ভুল চিকিৎসার অভিযোগ তুলে বহিরাগতরা তাদের ওপর হামলা করেছেন। একই সঙ্গে রোগীর ছয় স্বজনকে হাসপাতালের ভেতরে আটকে রাখার বিষয়টিও পুলিশ জানতে পারে।

ওসি বলেন, পুলিশ হাসপাতালে যাওয়ার প্রায় দুই ঘণ্টা পর ওই ছয়জনকে উদ্ধার করে ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। তাদের মধ্যে চারজন অসুস্থ থাকায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর দুজনকে থানায় নেওয়া হয়েছে।

এ ঘটনায় হাসপাতাল এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়। রোগীর মৃত্যুর কারণ এবং সংঘর্ষের ঘটনায় কারা দায়ী, তা তদন্ত করে দেখা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank