

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান টুটুলকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
সোমবার (৩১ আগস্ট) রাতে উপজেলার প্লানের বাজার মসজিদের সামনের সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে রামপাল থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জাহিদুর রহমান টুটুল প্লানের বাজার এলাকার বাসিন্দা। তিনি এর আগে রামপাল উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি রামপাল উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক।
জাহিদুর রহমান টুটুল বলেন, সোমবার দলীয় কাজে মোংলা উপজেলায় গিয়েছিলেন তিনি। সন্ধ্যার পর বাড়িতে ফিরে কিছুক্ষণ পর ভাগ্নেদের ফোন পেয়ে আবার প্লানের বাজারের উদ্দেশ্যে বের হন। বাড়ি থেকে প্রায় ২০ গজ যাওয়ার পর নদীর পাশ থেকে চারজন মুখোশধারী ব্যক্তি তাকে লক্ষ্য করে গালিগালাজ করতে করতে এগিয়ে আসে।
তিনি বলেন, চারজনের মধ্যে তিনজনের হাতে রামদা এবং একজনের হাতে বন্দুক ছিল। একজনকে টান দে বলতে শুনি। বিষয়টি বুঝতে পেরে আমি দৌড়ে চিৎকার করতে থাকি। এ সময় মসজিদের সামনে থাকা দুই ব্যক্তি টর্চলাইট নিয়ে এগিয়ে এলে হামলাকারীরা সরে যায়। পরে আমি নিরাপদ স্থানে চলে যাই।
টুটুলের দাবি, তাকে হত্যার উদ্দেশ্যেই ওই ব্যক্তিরা এসেছিল। তবে হামলাকারীদের কাউকেই তিনি শনাক্ত করতে পারেননি।
তিনি আরও বলেন, আমার ব্যক্তিগত কোনো শত্রু নেই। আমি মল্লিকেরবেড় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছি। এ কারণেই হয়তো কেউ আমাকে হত্যার চেষ্টা করে থাকতে পারে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।
এ বিষয়ে রামপাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু বলেন, খবর পাওয়ার পর তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন। জাহিদুর রহমান টুটুল দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তার ওপর হামলার চেষ্টা নিন্দনীয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শেখ রাজীব আল রশিদ বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের আরও একটি দল ওই এলাকায় গিয়ে বিষয়টি তদন্ত করবে। তবে জাহিদুর রহমান টুটুল এখনো থানায় কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জাহিদুর রহমান টুটুল জানান, এ ঘটনায় তিনি রামপাল থানায় অভিযোগ দায়ের করবেন।

