মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় সাবেক এমপি বাহারসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০২:৪৬ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার ঘটনায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারসহ ৫১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতার নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৬০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (৯ জনু) দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় বাস ও মাইক্রোবাসে করে এসে ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়, রাষ্ট্রের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিনষ্টের উদ্দেশ্যে সংগঠিত হয়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়। ঘটনার পরপরই অভিযান চালিয়ে মিছিল থেকে ৪৮ জনকে আটক করে পুলিশ।

পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইসরাফিল পিয়াস এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এহতেশামুল হক ভূঁইয়া রুমীর নির্দেশনা ও অর্থায়নে মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। মামলায় বাহাউদ্দিন বাহারকে ৪৯ নম্বর, পিয়াসকে ৫০ নম্বর এবং রুমীকে ৫১ নম্বর আসামি করা হয়েছে।

সোমবার আটক ৪৮ জনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ মামুনুর রশিদ।

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তবে মামলায় নাম আসা নেতাদের মধ্যে ইসরাফিল পিয়াস ও এহতেশামুল হক ভূঁইয়া রুমীর বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ তাদের পলাতক বলে উল্লেখ করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন