রবিবার
২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় স্বর্ণের বারসহ আটক ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৮:৪২ পিএম
চুয়াডাঙ্গায়  ৬ বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ১
expand
চুয়াডাঙ্গায় ৬ বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ১

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক সোয়া কোটি টাকা মূল্যের ৫টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) রবিবার (২৪মে) সকাল দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজিবি জানায় , দামুড়হুদা উপজেলার ডুগডুগি কলোনিপাড়া এলাকায় গোপনে অবস্থান নেয় ৬ বিজিবির একটি টহল দল। এ সময় এক ব্যক্তি মোটরসাইকেলযোগে ওই এলাকা অতিক্রম করার সময় তাকে থামার সংকেত দেয়া হয়। তবে তিনি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।

আটককৃত ব্যক্তি হলেন মোঃ বাপ্পি (২৭)। তিনি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার পুরাতন বাজার এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে।

পরে উপস্থিত জনসাধারণের সামনে তার দেহ তল্লাশি করে আনুমানিক ৬০০ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকা। এছাড়া জব্দ করা মোটরসাইকেলের মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করে, স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।

বিজিবি জানায়, উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে। আটক আসামিসহ জব্দকৃত মোটরসাইকেল দামুড়হুড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)'র পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন