রবিবার
২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০১:২১ পিএম আপডেট : ২৪ মে ২০২৬, ০২:০৭ পিএম
কক্সবাজার জেলা জজ আদালত
expand
কক্সবাজার জেলা জজ আদালত

কক্সবাজারে মামলায় হাজিরা দিতে আসা লিয়াকত আলী মেম্বার নামের এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঈন উদ্দিন নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তলসহ জিয়াউল হক জিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে।

রোববার (২৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আহত মঈন উদ্দিন লিয়াকত আলী মেম্বারের চাচাতো ভাই। গুরুতর অবস্থায় তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার একটি মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন। পরে আদালত থেকে বের হলে এ সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তবে তিনি সরে গেলে গুলিটি পাশে থাকা মঈন উদ্দিনের শরীরে বিদ্ধ হয়।

পুলিশ জানায়, আটক জিয়াউল হক জিয়ার বাড়ি ঈদগাঁও উপজেলার কালিরছড়া এলাকায়। তার কাছ থেকে একটি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. অহিদুর রহমান বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, ‘প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে প্রতিপক্ষের নাম প্রকাশ করা হচ্ছে না।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন